হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। বাঁ পায়ের উরুতে টান পড়েছে তার। মঙ্গলবার তার পায়ের স্ক্যান করা হয়েছে। গতকাল এসেছে স্ক্যান রিপোর্ট। এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে হাসানকে। ত্রিদলীয় ওয়ানডে সিরিজেও ২-১টি ম্যাচ মিস করবেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের একাদশে রয়েছেন ডানহাতি এই পেসার। বিসিবি সূত্রে জানা গেছে, গুরুতর কিছু নয়। তারপরও সতর্কতাবশত হাসানকে প্রস্তুতি ম্যাচ থেকে সরিয়ে ফেলা হয়। এখন এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। ঠিকমতো সেরে উঠলে ওয়ানডে সিরিজেও খেলবে হাসান। পরে গতকাল সন্ধ্যায় তরুণ এই পেসারও নিশ্চিত করেছেন, বড় কিছু নয়। তিনি ভালো আছেন। এক সপ্তাহ পর বোলিং করবেন।