বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সরকারি-বেসরকারি তিনটি কোম্পানি, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড—কাফকো, নেসলে বাংলাদেশ এবং হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানি ৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা জমা দিয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কাফকোর চেয়ারম্যান এবং শিল্প সচিব কে এম আলী আজম, নেসলে বাংলাদেশে লিমিটেডের করপোরেট এ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব উদ্দিন খান এবং হাইডেলবার্গের এক্সিকিউটিভ লিগ্যাল এ্যাফেয়ার্স মোস্তফা গালিব নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে এই চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে গত এক বছরের মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ হিসেবে কর্ণফুলি সার কারখানার পক্ষ থেকে ৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা, নেসলে বাংলাদেশের পক্ষ থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা এবং হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে ৮ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানানো হয়। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, বার্ষিক হিসেবে কোনো প্রতিষ্ঠানের নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত এ তহবিলে মোট জমার পরিমাণ ৪৮৫ কোটি টাকা।