ফুল স্কলারশিপে আল আযহার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন চবির ৫ শিক্ষার্থী

মিশর সরকারের চার বছর মেয়াদী ফুল স্কলারশিপ পেয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। আগামী ১০ অক্টোবর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

স্কলারশিপপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সৈয়দ আল আমিন, নেছার আহমদ ও শোয়াইবুল ইসলাম এবং আরবি বিভাগের উসমান গণি ও রেজাউর রহমান।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী শোয়াইবুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আল আজহারের স্কলারশিপ পেয়ে আমি সত্যিই আনন্দিত। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, আল আজহার বৃত্তি কমিটির ফোকাল পয়েন্ট  ইস.স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি শুরু থেকে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সেখানে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের, পরিবারের এবং দেশের নাম উজ্জ্বল করতে চাই।

শুয়াইবের সাথে কণ্ঠ মিলিয়ে অপর এক শিক্ষার্থী সৈয়দ আল আমিন দৈনিক ইত্তেফাককে বলেন, 'ছোট থেকেই মনে প্রবল ইচ্ছে পুষে রেখেছিলাম জ্ঞানের নগরী আল আজহারে পড়াশোনা করার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সুযোগ পেয়ে আবেদন করলাম এবং যথারীতি পরীক্ষা দিয়ে মেধাবীদের মাঝে গণ্য হলাম। প্রভুর অপার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা সকলের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্বের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের সাথে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ভাণ্ডারকে অধিকতর সমৃদ্ধ করতে এ ধরণের স্কলারশিপ ও উচ্চশিক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে যথাযথভাবে জ্ঞান আহরণের মাধ্যমে নিজেদের মেধাকে সমৃদ্ধ করে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা। 

ইত্তেফাক/বিএএফ