ধর্ষণ ও নিপীড়নবিরোধী প্রতিবাদ অব্যাহত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বুধবারও সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন অব্যাহত রয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল :নগরীতে বিভিন্ন সংগঠনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রতিবাদী অবস্থান কর্মসূচি, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ফুটপাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়। অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিভিন্ন স্কুল-কলেজের ১৬ শিক্ষার্থীর অংশগ্রহণে সাইকেল শোভাযাত্রা বের হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে মানববন্ধন করা হয়।

রাজশাহী :দেশব্যাপী যৌন নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী নগরীতে। সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিবাদকারীরা ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

রংপুর :মহানগরীতে দ্বিতীয় দিনেও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ছাত্র ও যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠন। প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় যুব সংহতি, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে আন্দোলনকারীরা তাদের বুকে নানান স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। এদিকে মানববন্ধন চলাকালে শিবিরের কর্মী সন্দেহে তিন জনকে আটক করেছে রংপুর কোতোয়ালি থানার পুলিশ।

নারায়ণগঞ্জ :ধর্ষণ-নিপীড়নবিরোধী ঐক্য সংগঠনের উদ্যোগে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু সড়কে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। পরে লাঠিমিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। পরে শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিসহ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পিরোজপুর :সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। টাউন ক্লাব সড়কে স্কুল-কলেজ ছাত্রছাত্রীদের সংগঠন গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। জেলা গ্লোবাল ল থিংকার্স সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের ম্যানেজমেন্ট লিডার জারাফা আলম ছোঁয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, কলেজের শিক্ষার্থী তায়বা রশিদ, শাহারীয়া ইসলাম, সাইমুন ইসলাম সাকিব, নাসিফ জাহাঙ্গীর, আশিকুজ্জামান পল্লব, তায়বা রশিদ, নির্যাস নট্র, আবরার, নাফিজ, নিয়াজ, আনিকা ও স্কুলশিক্ষার্থী ডি কে দিব্যামণি, আদিল সাদমান, তাসনী আফিফ প্রমুখ।

শেরপুর :মুখে কালো মাস্ক পরে প্রতিবাদী সমাবেশ হয়েছে। শহরের চকবাজার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে নাগরিক প্ল্যাটফরম জন-উদ্যোগ শেরপুর কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এতে জেলা মহিলা পরিষদ, উদীচী, আইইডি, নারী রক্তদান সংস্থা, এসডিডিএফ, এইচআরডি, বর্মণ ছাত্র পরিষদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ উপস্থিত ছিল।

সিরাজগঞ্জ :প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, প্রসূন থিয়েটারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচিতে সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।

মাগুরা :শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, নাহিদুর রহমান দুর্জয় প্রমুখ।

পটুয়াখালী :বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে। শহরের সাগরকন্যা পুলিশ সুপার মার্কেটের সামনে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী তাসনিয়া তানহা, তাসমিয়া তাবাসসুম লিসা, মারিয়া তাসমিম প্রমি, তামান্না, জেবা ফারিয়া আলভী,  স্কুলশিক্ষার্থী খন্দকার মাইশা, আয়শা সিদ্দিকা দিনা, রাবেয়া বশরী স্নেহা প্রমুখ।

পঞ্চগড় :মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, গ্রিন ভয়েস পঞ্চগড়ের সমন্বয়ক মাহামুদুল হাসান মুন, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, আহসান হাবীব সরকার ও সংস্কৃতিকর্মী আশা ইসলাম বক্তব্য রাখেন।

নওগাঁ :সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নওগাঁ শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অন্যদিকে সাপাহারে ‘বিচার চাইবো একসাথে, ধর্ষকদের বিরুদ্ধে, বিবেক এবার ঘোমটা খোলো’ স্লোগানে ভয়েস অব ইয়ুথ সাপাহার নামের এক সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া :সচেতন ছাত্রসমাজের ব্যানারে দুই ঘণ্টাব্যাপী শহরের প্রধান সড়কে মানববন্ধন, বিক্ষোভ, স্লোগানে যুক্ত হন কয়েক হাজার শিক্ষার্থী। সচেতন ছাত্রসমাজের পক্ষে নওশাদ জামিল নওশান ও মাহমুদা চৌধুরী পলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজশিক্ষক ও আবৃত্তিশিল্পী মো. মনির হোসেন, কলেজশিক্ষক শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ প্রমুখ।

টাঙ্গাইল :স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন দুর্বার টাঙ্গাইল, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নেত্রকোনা :মহুয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়া শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ধর্ষণ, নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের সভাপতি শেখ নাহিম আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হুমায়ূন কবির মৃধা, নাজমুল হাসান ও শরীফ আহমেদ।

লক্ষ্মীপুর :‘নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ ও নিযার্তন’ স্লোগানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার  পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে লক্ষ্মীপুর, নোয়াখালীসহ সারা দেশের নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরোয়ার, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ, সদস্য মনি, অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ।

বান্দরবান :ধর্ষণের বিচারের দাবিতে মৌন মিছিল-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা শহরে মৌন মিছিল করেছে বিভিন্ন স্তরের নারী-পুরুষ। এসময় অন্যদের মধ্যে মহিলা নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, সাংস্কৃতিক নেত্রী শিরিন খানম, আইনজীবী সারা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী অভিযোগ করে বলেন, বিচার হয় না বলেই বাড়ছে ধর্ষণ এবং নারী নির্যাতন।

খুলনা :নগরীর শিববাড়ী মোড়ে ধর্ষণের প্রতিবাদে গণস্বাক্ষর ও শপথ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ এই কর্মসূচির আয়োজক। সভায় সভাপতিত্ব করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন জন-উদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু ও জন-উদ্যোগ খুলনার সদস্যসচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুত্ফুন্নাহার, রেহেনা আক্তার, রোজী রহমান, সিপিবি নারী সেলের সুতপা বেদজ্ঞ, সাংস্কৃতিক কর্মী জেসমিন জামান, মহিলা পরিষদের ইসরাত আরা হীরা প্রমুখ।

চাটমোহর (পাবনা) :চাটমোহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক সংগঠন ‘সামাজিক বন্ধন’ এর উদ্যোগে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক বন্ধনের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন মিয়া প্রমুখ।

পূর্বধলা (নেত্রকোনা) :পূর্বধলায় সচেতন জনগণের ব্যানারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদের সামনের রাস্তায় চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তারা ধর্ষকের কুশপুত্তলিকায় গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে। বক্তব্য রাখেন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো. আবু হানিফ তালুকদার রাসেল, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, হোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল হোসেন খান তাপস, জাতীয় শিশু ফোরামের সভাপতি অপূর্ব সরকার, আব্দুল্লাহ আল ইমরান, নূর আলম নাহিদ প্রমুখ।     

তালতলী (বরগুনা) :পৌর মার্কেটের সামনে বরগুনা জেলা সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষণ প্রতিরোধে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) :নাগেশ্বরী বাসস্ট্যান্ডে সচেতন শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেবি সড়কের দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমান, শহিদুল ইসলাম, লুত্ফু উল হক লিমন, এনামুল হক, দীপক কুমার প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন হাত বাড়াও, ত্রিশাল হেল্পালাইন ও অগ্রগামী নামে তিনটি সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন হাত বাড়াও-এর সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী, ত্রিশাল হেল্পলাইনের সভাপতি হামিদুর রহমান সুমন, অগ্রগামী সংগঠনের সভাপতি মারদিন হাসান, অনিক, ওসামা বিন প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) :আগৈলঝাড়ায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা প্ল্যা­কার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন নারী নেত্রী ও সাবেক শিক্ষিকা আভা রানী মুখার্জি, নারী নেত্রী পবীত্র রানী রায়, শিক্ষার্থী মো. সহিদুল ইসলাম, রিফাত হোসাইন, রাব্বি ইসলাম।

গফরগাঁও (ময়মনসিংহ) :উপজেলার এসএসসি ১৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘অক্সিজেন’ ও ‘চিত্তে ১৬’-এর আয়োজনে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অক্সিজেন-এর সভাপতি মোজাহিদ অনীক, তামান্না বিনতে হাফিজ, তাহমিদা মোরশেদ ঐশী প্রমুখ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে শিক্ষার্থীরা। আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফার্মেসি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী তানিয়া, শাখা ছাত্রলীগের উপমানবসম্পদ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ প্রমুখ।

ভাঙ্গা (ফরিদপুর) :ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ভাঙ্গা থানার যুবকদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল করা হয়েছে। সবার হাতে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তি নিশ্চিত করা লেখা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

ফুলবাড়ী (দিনাজপুর) :ফুলবাড়ীতে বিক্ষোভ, সড়ক অবরোধসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে এই কর্মসূচি পালন করা হয়।