সোনারগাঁওয়ে এক সংখ্যালঘুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গতকাল উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বারদী ইউনিয়নের রিবর গ্রামের বাসিন্দা বলরামের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও হামলায় জড়িতদের বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বলরামের সঙ্গে একই সীমানার ডা. আবদুর রহমান রশিদের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে স্থানীয় এক ইউপি মেম্বার বিষয়টি মীমাংসা করে দেন। তার পরও ডা. রশিদ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে বলরামের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাতেই সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে যুগল বণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কবির মৃধা, আবু সাঈদ, পনির হোসেন, সঞ্জয় কুমার বণিক, বিপ্লব চন্দ্র শীল প্রবীর বণিক, মিজানুর রহমান, গৌতম কুমার বণিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।