পাবনা-৪ আসনে উপনির্বাচনে নির্বাচিত মো. নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান। ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়নে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় নুরুজ্জামান বিশ্বাসের স্ত্রী মোসাম্মত্ রোকেয়া জামানও উপস্থিত ছিলেন।