বাংলাদেশিদের জন্য ভিসা ও আকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি

সৌদি আরব থেকে ছুটিতে আসা বাংলাদেশি কর্মীদের ভিসা এবং আকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে, যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে ফিরতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সৌদি সব এয়ারলাইনসকে অবতরণ এবং বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকা পড়া প্রবাসী কর্মীদের ভিসা ও আকামার মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে সৌদি আরব। কিন্তু অনেক কর্মীই অভিযোগ করেছিলেন আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়নি।