পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

এবারের এইচএসসি পরীক্ষা না হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। অনেকেই বলছেন ভালো সিদ্ধান্ত। করোনার কারণে অনেক পরীক্ষার্থী মানসিকভাবে চাপে ছিল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখলেও পরীক্ষা দেওয়ার মানসিক অবস্থা ছিল না। সে হিসাবে ভালো হয়েছে। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এর চেয়ে আর বিকল্প কী হতে পারে। তবে কেউ কেউ ভিন্ন মতও দিয়েছেন।  গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এত মানুষের      স্বাস্থ্যঝুঁকি সরকার বিবেচনা করেছে। তদুপরি এ পরীক্ষায় অনেক নারী শিক্ষার্থীর পক্ষে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অংশ নেওয়া কঠিন হতো। কারণ, তাদের অনেককেই গণপরিবহন ব্যবহার করে দূর-দূরান্ত থেকে আসতে হতো। তাই সরকারের এ সিদ্ধান্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা প্রয়োজন।

আমিনুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, অষ্টম শ্রেণির পরীক্ষাটি পাবলিক পরীক্ষা নয়। মূল্যায়নের ক্ষেত্রে এই পরীক্ষা বিবেচনায় আনা ঠিক হয়নি। এ ক্ষেত্রে কলেজের নির্বাচনি পরীক্ষাটি বিবেচনায় আনা যেত।

আনোয়ারা খাতুন নামে এক অভিভাবক বলেন, ‘আমি মোটেই একমত নই। কারণ এই নিয়মে শতভাগ ছাত্র পাশ করে যাবে। আবার অনেক ছাত্র আগের পরীক্ষায় খারাপ করেছে কিন্তু এবার ভালো করার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে তাদের ফলাফল কী হবে? কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।