এবার নোয়াখালীতে গৃহবধূকে চার টুকরা করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার সুবর্ণচরে নূর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরা করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানা পুলিশের ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ গৃহবধূর মরদেহের দুই টুকরা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার মাথা আর কোমরের অংশ রয়েছে। ঐ গৃহবধূকে কেটে চার টুকরা করে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের বুক ও পায়ের অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে নোয়াখালীর এসপি আলমগীর হোসেন বলেন, রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, গরিব বয়স্ক মহিলাকে নৃশংসভাবে কেন খুন করা হলো বিষয়টির রহস্য উদ্ঘাটনে জোর তদন্ত চলছে। দ্রুত এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।