পর্যটনের নতুন সম্ভাবনা

হাওরের বুক চিরে অল-ওয়েদার রোড

চারদিকে বিস্তীর্ণ জলরাশির এক অপূর্ব খেয়াল হাওর। ঋতুভেদে যার রূপ ক্ষণে ক্ষণে বদলায় আপন খেয়ালে। কিশোরগঞ্জের হাওরগুলোর চিরায়ত রূপের বাহারে নতুন সংযুক্তি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক। হাওরের বুক চিরে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই পাকা রাস্তার কল্যাণে দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। ‘হাওরের বিস্ময়’ খ্যাত এই অলওয়েদার সড়কটি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঐকান্তিক আগ্রহে নির্মিত হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সদরের মধ্যে সংযোগ রক্ষাকারী ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি উদ্বোধনের মাধ্যমে যুগের পর যুগ ধরে অবহেলিত হাওরবাসীর জন্য যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্তের উন্মোচন হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে যুক্ত হবে সফলতার আরো একটি নতুন মাত্রা। ৮৭৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি ভবিষ্যতে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত করা হবে।

দিগন্ত বিস্তৃত হাওরের মধ্য দিয়ে পিচঢালা প্রশস্ত উঁচু সড়ক। দুই পাশে উত্তাল ঢেউয়ের গর্জন। সড়কে সাঁই সাঁই করে চলছে ছোট ছোট যানবাহন। দূর থেকে মনে হবে যেন যেতে যেতে পাকা রাস্তা মিশে গেছে জলের বুকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্যের এক অপরূপ এলাকা কিশোরগঞ্জের হাওরাঞ্চল। আর হাওরের সৌন্দর্য যেন বহু গুণ বাড়িয়ে দিয়েছে একটি সড়ক। দুই চোখের দৃষ্টি যত দূর যায়, পুরোটাই অথই পানি আর উথালপাথাল ঢেউয়ের অবিরত ছুটে চলা। দূরের গ্রামগুলো যেন একেকটা                ভেসে থাকা দ্বীপ। এখানে প্রয়োজন আর তাত্ক্ষণিকতার বাহন শুধুই নৌকা। হাওরের প্রাকৃতিক রূপবৈচিত্র্যে এখন নতুনত্বের ছোঁয়া। জলে ভাসা কিশোরগঞ্জের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে যোগাযোগের জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নতুন সড়ক। হাওরের বিস্ময়খ্যাত এই সড়কে এখন ভরা বর্ষাতেও চলে নানা ধরনের যানবাহন। 

মহাসড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম তিন উপজেলায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় ৮৭৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ২৮ দশমিক ৭৭০ কিলোমিটার হার্ডসোল্ডারসহ ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৫৯০ দশমিক ৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার নির্মাণ, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ২৬৯ দশমিক ৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৭ দশমিক ৬০ লাখ বর্গমিটার সিসি ব্লক দ্বারা স্লোপ প্রটেকশন কাজ সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি ২০১৬ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। গত ২০ জুলাই গাড়িতে চড়ে তিনি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। সড়কটি ইটনা উপজেলা সদর হতে শুরু হয়ে ধুন ও বাউলাই নদীর সমান্তরালে সম্পূর্ণভাবে বিস্তীর্ণ হাওরের মধ্য দিয়ে অতিক্রম করে মিঠাইন উপজেলা সদর হয়ে অষ্টগ্রাম উপজেলা সদরে সমাপ্ত হয়েছে। ‘শুকনার দিনের পাও (পা), বর্ষার দিনের নাও, একেই বলে ভাটি এলাকার গাঁও’—এই প্রবাদটিই এক সময় ছিল মানুষের মুখে মুখে। কিন্তু বিগত কয়েক বছরে এই প্রবাদটিকে মিথ্যে করে ভাটি এলাকার চিত্র অনেকটাই বদলে দিয়েছে বিশাল হাওরের বুকে নান্দনিক মহাসড়ক। একটা সময় হাওর ছিল শহর থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। যেখান থেকে একমাত্র যাতায়াতের বাহন ছিল নৌকা, লঞ্চ বা স্টিমার। কিন্তু এসব কিছু যেন এখন সোনালি অতীত।