রাজনৈতিক দল যেন ধর্ষণকারীর আশ্রয়স্থল না হয় :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাজবিরোধী অপরাধীদের বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপসহীন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ধর্ষণের মতো ঘৃণিত কাজে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে দেশব্যাপী যে আন্দোলন চলছে তাতে আমাদেরও সমর্থন রয়েছে। এ দাবি যৌক্তিক। তবে তাদের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদের চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীর জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এসব সমাজবিরোধী অপরাধীদের বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপসহীন থাকতে হবে।’

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। ধর্ষকদের                আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি সামাজিক অপরাধ, দুর্নীতি, অনিয়ম বিভিন্ন ধরনের অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। দুর্নীতি-অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি, শিশুদের প্রতি অন্যায়ের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে।