সাভারে ৯ ট্যানারিকে ২৩ লাখ টাকা জরিমানা

সাভারে বিসিক চামড়া শিল্পনগরীর ৯টি ট্যানারিকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার সংস্থাটির ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী বিসিক চামড়া শিল্পনগরীতে পরিবেশ আইন লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে বিসিক চামড়া শিল্পনগরীর মেসার্স গুলশান ট্যানারিজ লিমিটেডকে ৫ লাখ, সুপিরিয়র লেদার ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ, মেসার্স কোহিনুর ট্যানারিজকে ২ লাখ, ইউনিকম লেদারকে (মেসার্স ইন্টারন্যাশনাল ট্যানারি) ২ লাখ, ভেলেক্স এজেন্সিস লিমিটেডকে ২ লাখ, ডশফ লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ, টিপাড়া ট্যানারিকে ২ লাখ, মেসার্স নবারন ট্যানারি লিমিটেডকে ২ লাখ এবং মেসার্স আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

রুবিনা ফেরদৌসী জানান, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।