প্রকাশিত সংবাদ সম্পর্কে শাহ মোয়াজ্জেমের বক্তব্য

এইচ এম এরশাদ সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন গতকাল বুধবার এক প্রতিবাদলিপিতে বলেছেন, ‘সম্প্রতি একটি টিভি চ্যানেল ও দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। ভিডিওতে প্রদর্শিত ও তার ভিত্তিতে পত্রিকায় প্রকাশিত বক্তব্যটি বিকৃতভাবে প্রচার করা হয়, যা কোনোভাবেই কাম্য নয়। বরং স্বচ্ছ সাংবাদিকতার পরিপন্থিও বটে। আমার প্রকৃত বক্তব্যকে আড়াল করে খণ্ডিত বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে দল ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাই শুধু নয়, আমার সুদীর্ঘ রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস মাত্র’। শাহ মোয়াজ্জেমের ব্যক্তিগত সহকারী এইচ এম সাইফ আলী খান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে আরো বলা হয়, ‘বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় দেশনেত্রী এবং দলের চেয়ারপারসন। আমি তার মুক্তি কামনা করি এবং মুক্ত হয়ে তার পছন্দ মতো হাসপাতালে সুচিকিত্সার মাধ্যমে সুস্থ হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এটাই আমার কাম্য।’ প্রসঙ্গত, ’বিএনপির তিন সিনিয়র নেতার বক্তব্যে তোলপাড়’ শিরোনামে মঙ্গলবার ইত্তেফাকের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার ‘আপসহীন নেতৃত্ব’ প্রশ্নে শাহ মোয়াজ্জেম হোসেন যে বক্তব্য দিয়েছেন হুবহু তা তুলে ধরা হয়। ঐ টেলিভিশনটির বিশেষ প্রতিবেদনে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খালেদা জিয়া কিসের আপসহীন। আপস না করলে উনি জেল থেকে বের হলেন কেমনে। সরকারের কথা শুনেই তো বেরিয়ে এসেছেন। বেগম জিয়া তিন বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন একটি কারণে, তিনি জিয়াউর রহমানের বিধবা স্ত্রী। অথচ সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার তিনি করলেন না কেন?’