নারী নির্যাতনকে রাজনীতিকরণের অপচেষ্টায় বিএনপি :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নারী নির্যাতনের ঘটনাকে রাজনীতিকরণের অপচেষ্টা করছে। আর সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর। গতকাল বুধবার বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় সম্প্রতি নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতির অপচেষ্টা ঠিক নয়। ধর্ষকরা কোনো দলের নয়। নোয়াখালীতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা কোনো দলের না, সবাই দুষ্কৃতকারী। দুষ্কৃতকারীরা কোনো দলীয় পরিচয় ব্যবহার করার অপচেষ্টা চালালেও সরকার তাদের দুষ্কৃতকারী হিসেবেই দেখছে। প্রত্যেকটি ঘটনার বিচার হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।

বিএনপি আট বছরের শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এমনকি নৌকায় ভোট দেওয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে মহিলা ও শিশুদের ধর্ষণ করেছে। ক্ষমতায় থাকাকালে বিএনপি দলীয় এই অপকর্মগুলোর বিরুদ্ধে সরকার বা দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটিই বাস্তবতা। সেই দলের মহাসচিব হিসেবে তিনি যখন এ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন, তার আগে তার চেহারাটা আয়নায় দেখা প্রয়োজন।’