ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড

দেশজুড়ে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহষ্পতিবার এ মানববন্ধন আহ্বান করা হয়।

জানা গেছে, সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাদের কয়েকটি ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশের সাথে জেলা বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল আহত হন।

জেলা পরিষদ মার্কেট এলাকায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, ছাত্রদল সভাপতি শেখ হাফিজ উল্লাহ, সাধারন সম্পাদক ফুজায়েল চৌধুরী প্রমুখ।

ইত্তেফাক/এএম