উত্তরার ৫৩ নং ওয়ার্ডে ড্যাপ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজধানীর ‍উত্তরার ৫৩ নং ওয়ার্ডে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও দিয়াবাড়ী গোলচত্ত্বর থেকে গাজীপুর পর্যন্ত ১০০ ফিট রাস্তা অনতি বিলম্বে যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নং ওয়ার্ড ও সাবেক হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানবন্ধনে অংশগ্রহণ করেন। ডিএনসিসির নয়ানগরে ৫৩ নং ওয়ার্ড ড্যাপ বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘হরিরাম পুর ইউনিয়নকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। কিন্তু এখনও সিটি করপোরেশনের সেবা ও সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছেনি।’

এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় নগর সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ড্যাপের যথাযথ বাস্তবায়ন এবং ড্যাপ মানচিত্রে উল্লেখিত ১০০ ফিট রাস্তাসহ অন্যান্য রাস্তা সমূহ নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের ৫৩ নং ওয়ার্ডের উল্লেখযোগ্য একটি অংশ রাস্তার অভাবে ওয়ার্ড ও সিটি করপোরেশনের যোগাযোগ বলয় থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।’

তিনি জি-১৬ মানচিত্র অনুসারে মেট্রোরেলের মেইন ডিপো, পুলিশ লাইন ব্যারাক যেরূপ বাস্তবায়ন হয়েছে, সেভাবে ঢাকা ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও ড্যাপ অনুসরণ করে কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন: শীতে করোনা বাড়ার আশঙ্কায় জেলা হাসপাতালগুলো প্রস্তুত রাখা হচ্ছে

মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক মুবিনুল ইসলাম ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জামান, দেলোয়ার হোসেন, আবুল হোসেন ও রমজান আলী প্রমুখ।

তারা বলেন, ‘নতুন সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর কর ও অন্যান্য ফি প্রদান করলেও নগর সুবিধা এখনো তাদের নাগালের বাইরে।’

মানববন্ধনে মেট্রোরেল প্রকল্পসহ ১০০ ফিট রাস্তা ও মেট্রোরেলে যাতায়াতের জন্য অন্যান্য অবকাঠামো সমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরকে মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার প্রতিফলনের অংশ হিসেবে উন্নত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য আশু পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।

ইত্তেফাক/এএএম