ঈশ্বরী হতে চায় মন

কবিতার ছন্দের নির্যাস থেকে মুছে যায় মন

সম্পর্ক-আত্মীয়তা-ভাতের থালা কিম্বা

ডালের ফোড়ন দেয়া সুঘ্রাণ জানালা দিয়ে

উড়ে যায় কোন চৌচালা টিনের ঘরে।

 

যখন একটিও কবিতা লিখিনি আমি

ঐযে আমার স্বেচ্ছাচারিতার দিনগুলো

অর্থহীন আলোতে স্নান করতো রোজ

শরীরের গ্লানি ধুয়ে মুছে ফেলে দিত।

 

আমার চন্দন গাছ ও ভালোবাসার নদী

করোনাকালে জনহীন গলিপথে হেঁটে যেত

সমর্পিত যেন রাতের ইজেলে স্মৃতির দুয়ারে

পায়ে পায়ে নক্ষত্রখচিত আকাশ দীর্ঘ কবিতা হতো।

 

ধূসর পাহাড় থেকে গভীর অরণ্য থেকে

পীড়িত হূদয় থেকে কখনোই সুখবর আসে না

পূর্ণিমায় উঠান ভিজে যায় তবু গৃহবন্দি মানুষ

এক পা-ও নড়ে না—শুধু ঈশ্বরী হতে চায় মন।