উজালা পেইন্টের বিপুল অঙ্কের গোপন বিক্রির তথ্য পেয়েছে রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা বিভাগ। সম্প্রতি সাভারের হেমায়েতপুরে উজালা পেইন্টের কারখানায় তল্লাশি করে কোন তথ্য না পাওয়া গেলেও রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে গত ছয় বছরে ১৪৭ কোটি টাকার বিক্রয়ের তথ্য পাওয়া গেছে।
এই তথ্য প্রতিষ্ঠানটি ভ্যাট বিভাগের কাছে প্রকাশ করেনি এবং এর বিপরীতে ভ্যাট ট্যাক্সও পরিশোধ করেনি। ভ্যাট গোয়েন্দা বিভাগ হিসাব করে দেখেছে, এতে সাড়ে ১২ কোটি টাকার ভ্যাট ফাঁকি, সোয়া চার কোটি টাকার সম্পূরক শুল্ক ফাঁকি ও যথাসময়ে পরিশোধ না করায় সুদসহ মোট ২৭ কোটি টাকার রাজস্ব ফাঁকি হয়েছে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২০১৪ সালের এপ্রিল থেকে গত আগস্ট পর্যন্ত ছয় বছরে প্রতিষ্ঠানটি ২৫৬ কোটি টাকার বিক্রয়ের তথ্য দেখিয়ে সরকারের ঘরে ভ্যাট-ট্যাক্স বাবদ জমা দিয়েছে ৫১ কোটি টাকা। কিন্তু নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ৪০৩ কোটি টাকার পণ্য। অর্থাৎ এই সময়ে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি ১৪৭ কোটি টাকার বিক্রয় তথ্য গোপন করেছে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, প্রতিষ্ঠানের প্রকৃত বাণিজ্যিক তথ্যাদি ওরাকল সফটওয়্যারে ধারণ ও গোপন করে রেখেছিল। এসব তথ্যের সাথে মাসিক রিটার্নের তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যায়। তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দেওয়ায় উজালা পেইন্ট কারখানার বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি