ঝিনাইদহে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন।
বাজার অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহের খুচরা বাজারে ১০ দিনের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি দুই-তিন টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা চাল ব্যবসায়ী পলাশ কুমার ও ইয়াসিন আলি জানান, মোটা চালের প্রতি কেজির দাম ছিল ৪০ টাকা। তা বেড়ে এখন ৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মিনিকেটের দাম ছিল প্রতি কেজি ৫০ টাকা, তা বেড়ে ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। বাসমতী ৫৬ টাকা থেকে বেড়ে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলুর দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার খুবই অস্থিতিশীল। সপ্তাহখানেক আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছিল। তা বেড়ে এখন ৮০ টাকা কেজি হয়েছে। ডালের দাম স্থির রয়েছে। স্কুলশিক্ষক আব্দুল মালেক বলেন, পণ্যমূল্য বৃদ্ধির কারণে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। এদিকে জেলা মার্কেটিং অফিসার গোলাম ফারুক পণ্যমূল্য বাড়ার কথা স্বীকার করেছেন।