শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হলো। গতকাল লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে সূচকের উত্থানের আভাস পাওয়া যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৮ মিনিটেই ১৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দেড় ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে এর পরেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। লেনদেনের শেষ দিকে পতনের প্রবণতা অনেক বেড়ে যায়। এতে সূচক নিচে নামতে নামতে আগের দিনের চেয়ে কমে যায়। গতকাল দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়ায়।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে অংশ নেওয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখালেও কমার তালিকা ছিল বড়। ২০২টি কোম্পানির দাম কমেছে। আর ৪৭টির কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারে লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৮ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৯৩ কোটি ৮৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নর্দার্ন জেনারেল ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ২১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৬০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল ইসলামী ইনসিওরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন, রিপাবলিক ইনসিওরেন্স, কাট্টলি টেক্সটাইল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এক্সপ্রেস ইনসিওরেন্স।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। কমেছে ১৫৬টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।