রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট চালু করল সিটি ব্যাংক

দেশে প্রথমবারের মতো রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) চালু করল সিটি ব্যাংক। দেশে প্রচলিত সিডিএমসমূহে ব্যাংকের গ্রাহকরা দিনরাত টাকা জমা করতে পারলেও সেই টাকা ব্যাংক হিসাবে কিংবা কার্ডে যোগ হয় দিনের নির্ধারিত সময়ে; কিন্তু সিটি ব্যাংকের আরসিডিএমের মাধ্যমে জমা দেওয়া অর্থ তাত্ক্ষণিকভাবে যোগ হবে ব্যাংক হিসাবে এবং কার্ডের বিলও এই পদ্ধতিতে প্রদান করা যাবে। ব্যাংক শাখায় টাকা জমা দেওয়ার মতোই এই ডিজিটাল সেবার মাধ্যমে টাকা মেশিনে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে বার্তা চলে আসবে।

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউ শাখায় এই অত্যাধুনিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাসরুর আরেফিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি মো. মাহবুবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরূপ হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি লেনদেনে কমপক্ষে ১০০ টাকার নোট গ্রহণ করবে আরসিডিএম। নোটের নম্বরও যাচাই হবে ডিজিটাল পদ্ধতিতে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে চারটি আরসিডিএম বসানো হয়েছে। অদূর ভবিষ্যতে এই সুবিধার আওতা আরো বাড়ানো হবে।—প্রেস বিজ্ঞপ্তি