কর্মক্ষেত্রে করোনা প্রতিরোধের লক্ষ্যে পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিষয়ক নির্দেশিকা প্রণয়ন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে ঐ নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হয়।
কর্মক্ষেত্রে কোভিড-১৯ প্রতিরোধে সরকার, শ্রমিক, কারখানা মালিক, সেইফটি কমিটি ও শ্রম খাতসংশ্লিষ্ট সব পক্ষের জন্য নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নির্দেশিকায় জাতীয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শ্রম মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায়, উপমহাপরিদর্শক মো. কামরুল হাসান প্রমুখ। এ সময় শ্রমসচিব বলেন, আগামী শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে শ্রম খাতকে রক্ষা করার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।