গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের অবস্থান শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে। গোসিংগা বাজারকে কাপাসিয়ার দরদরিয়ায় সংযুক্ত করার একমাত্র উপায় হলো সেতু নির্মাণ। দরদরিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পৈত্রিক বাড়ি। বর্তমানে এটি পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। শীতলক্ষ্যার পশ্চিম অঞ্চলসমূহ থেকে এখানে আসতে বেশ বেগ পেতে হয়। হয় কাপাসিয়া ঘুরে অনেক জায়গা পার হয়ে যেতে হয় কিংবা শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে গাড়ি রেখে খেয়া পার হয়ে আসতে হয়। নেই ফেরির ব্যবস্থাও। একটি সেতু থাকলে কয়েকটি থানা এবং জেলার মানুষের যাতায়াতে অনেক সুবিধা হতো। দুইপাশে পাকা সড়ক থাকা সত্ত্বেও বাস চলাচল করতে পারছে না শুধু সেতুর অভাবে। সেতুর মাধ্যমে যাতায়াতব্যবস্থার উন্নতি হলে স্থাপিত হবে মিল-কারখানাও। শ্রীপুরবাসীর দীর্ঘদিনের দাবি গোসিংগা সেতু। অনেকবার এ ব্যাপারে প্রতিশ্রুতি পাওয়া গেলেও বাস্তবায়ন হয়নি। যা হোক, গোসিংগা সেতু নির্মাণে আশু পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
তুফান মাজহার খান
শ্রীপুর, গাজীপুর