বিসিবি প্রেসিডেন্টস কাপ

ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ

তিন দলের ওয়ানডে সিরিজের আনুষ্ঠানিক নামকরণ করেছে বিসিবি। আগামী ১১ অক্টোবর শুরু হতে চলা সিরিজের নাম রাখা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ, নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার এই সিরিজে ম্যাচ হবে সাতটি। ডাবল লিগের পর ২৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। মিরপুর স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দিবারাত্রির ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে বিসিবি। ফাইনাল সম্প্রচার হতে পারে টিভি চ্যানেলে।

বিসিবি প্রেসিডেন্টস কাপের জন্য তিন দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আগামীকাল। তবে আজ ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেন। এবং আজ তিন দলের ক্রিকেটাররা করোনা পরীক্ষার নমুনা দেবেন। রিপোর্টের ভিত্তিতেই হোটেলে উঠবেন সবাই এবং জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন তারা।

গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘পরশু দিন (শনিবার) দলগত অনুশীলন হবে। কাল (আজ) করোনার নমুনা দেবে সবাই। নেগেটিভ যাদের আসবে তারা হোটেলে উঠবে।’          

তিন দলের এই সিরিজে থাকছে না স্পন্সর। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে প্ল্যান তাতে কোনো স্পন্সর নেই এবং এ ধরনের কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি।’

ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। গতকাল নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘কিছু পরিকল্পনা তো আছেই, এই টুর্নামেন্ট না হলেও পরবর্তী সময়ে আমাদের যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে সেখানে আর্থিক একটা বিষয় তো থাকবেই।’

এদিকে কাঁধের ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। বছরের শুরুতে যুব বিশ্বকাপে পাওয়া ইনজুরি এখনো ভোগাচ্ছে তাকে। গত মার্চে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হলেও পুরোপুরি ফিট হতে পারেননি এই তরুণ। তার জায়গায় মাহমুদউল্লাহ একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।