বাঁশের সাঁকো সংস্কার লোহার খরচে!

সোনালী ব্যাংক থেকে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ৯২ লাখ টাকা সরকারি অনুদান আত্মসাত্ করেছে জালিয়াত চক্র। মাগুরা পরিবার পরিকল্পনা ও সিভিল সার্জনের কার্যালয়ে অনুদানের আবেদন করে চক্রটি ধারাবাহিকভাবে ৯২ লাখ টাকা আত্মসাত্ করে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে একটি টিম মাগুরা সমাজসেবা অধিদপ্তরের সরেজমিন অভিযান চালিয়ে টাকা আত্মসাতের দালিলিক প্রমাণ পায়।

দুদক জানায়, জালিয়াত চক্র মাগুরা পরিবার পরিকল্পনা ও সিভিল সার্জনের কার্যালয়ে অনুদানের আবেদন করে প্রাপ্ত অনুদান ঝিনাইদহ সোনালী ব্যাংকের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করে বলে অভিযানে এনফোর্সমেন্ট টিম তথ্য পায়। এভাবে ৯২ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে, যার প্রমাণও পায় দুদক টিম। অধিকতর যাচাইয়ের জন্য টিম অভিযোগসংক্রান্ত সব নথিপত্র সংগ্রহ করছে। পরবর্তী পদক্ষেপের অনুমোদন চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এছাড়া একইদিন দুদক এনফোর্সমেন্ট ইউনিটে সাতটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কক্সবাজারে ভূগর্ভস্থ পানি শোধনাগার প্রকল্পে জমির নামজারিতে অনিয়মে রাষ্ট্রীয় টাকা আত্মসাতের অভিযোগে এবং বরগুনায় বাঁশের সাঁকো লোহার সাঁকো দেখিয়ে সংস্কারের নামে বিপুল পরিমাণ সরকারি টাকা বরাদ্দ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-২ এবং পটুয়াখালী থেকে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।