ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

সিলেটে তরুণী ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূর ওপর নির্যাতনসহ ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা চত্বর, পূর্বাচল উপশহর ও কাঞ্চন-রূপসী সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় পৃথক পৃথক আয়োজিত এ কর্মসূচিতে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা, বন্ধু তোমার পাশে আছি, পূর্বাচল স্বপ্নীল ফাউন্ডেশন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উন্নয়ন সংস্থা, এনজিও, স্কুল-কলেজ, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজ ছাত্র সংসদসহ রূপগঞ্জের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সাংবাদিক হানিফ মোল্লা, ইমদাদুল হক দুলাল, রাসেল মাহমুদ, শাহেল মাহমুদ, শিক্ষিকা নাসিমা সুলতানা, ইউপি সদস্য লাভলী আক্তার, নিগার সুলতানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জড়িতদের দ্রুত বিচার ও অপকর্মের প্রশয়দাতাদের আইনের আওতায় আনতে হবে। বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।