নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

কালাম-মাইনুদ্দিন রিমান্ডে, মেম্বারসহ দুই জনের জবানবন্দি

বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় দেলোয়ার বাহিনীর  প্রধান সহযোগী আবুল কালাম ও মাইনুদ্দিন সাহেদকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃস্পতিবার  বিকালে  এই  দুই আসামিকে জেলার ৩নং আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে আসামি কালামকে তিন মামলায় ১০ দিন ও সাহেদকে এক মামলায় ২ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।  এ নিয়ে গত চার দিনে ৯ জন আসামিকে রিমান্ডে নিল পুলিশ।

নির্যাতিত নারীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ

এদিকে, এ ঘটনার পর গতকাল ওই নারীর মেয়ে তার বাবার বিরুদ্ধে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ করেছে। ওই নারীর মেয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে বলে, ‘আমার বাবা কখনই আমাদের খোঁজ খবর নিতেন না। মাঝে মধ্যে বাবা মায়ের কাছে ফোন করে টাকা চাইতেন। মা কোনো টাকা দিতেন না। কয়েক মাস আগে বাবা মায়ের কাছে ১০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে মাকে মারধর করেন বাবা। এরপর কিছুদিন আগে পারিবারিক জমি রেজিস্ট্রি করার জন্য মায়ের কাছে ২ লাখ টাকা চান। এত টাকা মা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মাঝে মধ্যেই বাবা ফোন করে টাকা দেওয়ার জন্য হুমকি দেন। কয়েক মাস আগে থেকেই বাবাকে এলাকায় দেখা যায়নি।’ তিনি আরো বলেন, ‘কি এমন ঘটনা ঘটল যে গত ২ সেপ্টেম্বর বাবা বাসায় আসে। ওই সময় যেসব ছেলেরা বাসায় আসে তারা তার বাবার পরিচিত। বাবার উপস্থিতিতে ওই ছেলেগুলো ভিডিও করল, বাবা প্রতিবাদ করল না। ঘটনার পর টাকা চেয়ে ভিডিও ভাইরাল করার হুমকি দিত। বাবা এ ব্যাপারে কারো কাছে বিচার চায়নি। তিনি চুপ করে পালিয়ে যান। বাবা যদি জড়িত নাই থাকত, তাহলে তিনি পালিয়ে গেলেন কেন? এ ব্যাপারে আমি এ ঘটনার সঙ্গে বাবারও জড়িত থাকার বিষয়ে অভিযোগ করছি।’ 

এদিকে, গতকাল সন্ধ্যায় রিমান্ডে থাকা মামলার আসামি আবদুর রহিম ও ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি প্রদান শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে, মামলার ৬ নং আসামি সামছুদ্দীন সুমনকে (৩৯) গতকাল সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে পিবিআই গ্রেফতার করে। এ নিয়ে মামলায় গতকাল পর্যন্ত ১১ জন গ্রেফতার হলো। এর মধ্যে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার অস্ত্র মামলায় রিমান্ড শেষে নারায়নগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।