মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া তার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এর মাধ্যমে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে কী ধরনের ওষুধ গ্রহণ করা যায় তা শিখেছেন। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ক্রিসমাসের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের দেশে ফিরে আসা উচিত। খবর সিএনএনের
বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ট্রাম্পের ভিডিও ধারণ করা হয়। তবে ভিডিওর কিছু অংশ সম্পাদনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভিডিও বার্তায় বলেন, রেজেনরনের পরিক্লোনল অ্যান্টিবডি ককটেল তাকে সুস্থ করতে ব্যাপক সহায়তা করেছে। তিনি অন্যান্য আমেরিকানের চিকিত্সায়ও এই ককটেল ব্যবহার করার কথা বলেছেন। সম্প্রতি চিকিত্সকেরা জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টকে পরীক্ষামূলক রেজেনেরন ফার্মাসিউটিক্যালের পরিক্লোনল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে। ঐ ওষুধ শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।
এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে ক্রিসমাসের আগেই আমাদের সব সাহসী নারী-পুরুষকে ফিরিয়ে আনা উচিত। এর কিছুক্ষণ আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, আগামী বছরের শুরুর দিকে আফগানিস্তান থেকে ২ হাজার ৫০০ সৈন্য ফিরিয়ে আনা হবে। গত ফেব্রুয়ারিতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হয় যাতে উল্লেখ করা হয়েছিল, ২০২১ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করা হবে।