বাবার সামনেই ছেলেকে গুলি করে হত্যা

কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতরা গুলি করে ও কুপিয়ে বাবার সামনেই এক তরুণকে হত্যা করেছে। সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে বৃহস্পতিবার সকালের দিকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জনি দে রাজ (২০) রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া (শিয়াপাড়া) এলাকার তপন দের ছেলে। জনি ঈদগাঁও কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান গাইত জনি।

নিহতের বাবা তপন দের বরাত দিয়ে ঈদগড়ের সমাজকর্মী নুরুল আবছার জানান, রাতে একটি সামিজক আয়োজনে গান গাইতে গিয়েছিলেন জনি রাজ। সঙ্গে তার বাবা এবং এলাকার আরো একজন ছিলেন। প্রোগ্রাম শেষে পরদিন সকালে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন পিতা-পুত্র। হিমছড়ি ঢালায় পৌঁছামাত্র ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে। তারা জনি রাজকে অপহরণ করার চেষ্টা চালায়। এক পর্যায়ে জনির মাথার ডানপাশে গুলি করে পাহাড়ের ভেতর ঢুকে যায়। জনিকে উদ্ধার করে ঈদগাঁও ক্লিনিকে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।  

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হালিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জনির মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আগের কোনো ঘটনার জেরে এটা হলো কিনা, তা খতিয়ে দেখছি আমরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে, তাকে গুলি করা হয়েছে কিনা। উল্লেখ্য, এর আগেও সড়কটির হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে একাধিক ব্যক্তি নিহত হওয়ার  ঘটনা ঘটেছে।