খুলনায় পৃথক দুর্ঘটনায় চার জনসহ বিভিন্ন স্থানে আট জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
খুলনা ও ডুমুরিয়া :খুলনায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মাহিন্দ্রচালক ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের আমিনুল ইসলাম (৫৫) ও সাহস গ্রামের যাত্রী মিজানুর রহমান (৫৫)। যশোরের কেশবপুর উপজেলার খোর্দ গ্রামের ও আরএফএল কোম্পানির নরসিংদী জেলার মার্কেটিং অফিসার হাবিবুর রহমান (৪০) এবং ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের নাজির মোল্লার স্ত্রী হালিমা বেগম (৫৫)। গতকাল সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র ডুমুরিয়া উপজেলা সদরের শহীদ স্মৃতি মহিলা কলেজের সামনে রাস্তার পাশে যাত্রী নামাচ্ছিল। এ সময় হাওলাদার পরিবহনের একটি বাস মাহিন্দ্রকে চাপা দিলে আমিনুল এবং মিজানুর নিহত হন। অন্যদিকে, দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে একটি বাস ভ্যানকে চাপা দিলে ভ্যান যাত্রী হালিমা নিহত ও তার ছেলে ভ্যানচালক শফিকুল গুরুতর আহত হন।
পাঁচবিবি (জয়পুরহাট) :পাঁচবিবি-ঘোড়াঘাটে সড়কের রশিদপুর মোলান এলাকায় গতকাল মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু এবং তার স্ত্রী আকলিমা আহত হয়েছেন। নাহিদ বারকান্দ্রি গ্রামের আলী আহম্মেদের ছেলে।
গোয়ালন্দ (রাজবাড়ী) :গোয়ালন্দে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে ইমন মোল্লা (১৬) ও উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)। গতকাল একটি মোটরসাইকেলে ইমন, অনিক ও দিদার গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। তারা গোয়ালন্দ ফিডমিল এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাস তাদের চাপা দেয়। অন্যদিকে বুধবার দৌলতদিয়া ঘাট থেকে একটি মোটরসাইকেলে আ. কুদ্দুস, ফিরোজ ও আজাদ মহাসড়ক দিয়ে গোয়ালন্দ শহরে আসছিল।
গোদাগাড়ী (রাজশাহী) :গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় কুতুবুল হক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের সুকুদ্দিনের ছেলে।