মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সন্দেহজনক হিসেবে গ্রেফতার ১৪তম আসামি টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, সিনহা হত্যা মামলায় ১৪তম আসামি হিসেবে সর্বশেষ সংযুক্ত হন রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযোগ রয়েছে, কনস্টেবল রুবেল শর্মা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পাঁচ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর ৩ (টেকনাফ) আদালতে হত্যা মামলা করেন। সে মামলায় ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ সাত পুলিশ আত্মসমর্পণ করেন। পরে আরো চার পুলিশ ও পুলিশের মামলার তিন সাক্ষীকে মামলায় সংযুক্ত করা হয়। তারা সবাই কারাগারে রয়েছে।