পিরোজপুরে চীনা নাগরিক হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার

পিরোজপুরে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহতের ঘটনায় সিরাজ শেখ (৩০) ও রানা (২৮) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে পিরোজপুর শহরতলীর কুমারখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত চীনা নাগরিকের লাশ চীনে পাঠানোর উদ্দেশে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

গ্রেফতার সিরাজ শেখ গুয়াবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে এবং রানা কুমারখালী গ্রামের বাবুল শেখের ছেলে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাওফাং ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা লাওফাংয়ের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পিরোজপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে চীনা নাগরিক হত্যা ঘটনায় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তিনি বলেন, আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন, তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র্যাব বরিশাল-৮-এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।