সিদ্ধিরগঞ্জে দেয়াল চাপা পড়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নিহত নারীর ছেলে রানা (১৫) আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত নার্গিস আক্তার স্থানীয় আদমজী ইপিজেড এর প্রগ্রেস গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানায়, সরকারি জমির উপর আমির হোসেন নামে এক ব্যক্তি দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। সম্প্রতি ওই দোকানের জায়গায় সিটি কর্পোরেশনের আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। ওই ভাঙ্গা ভবনের নিচেই এক ব্যক্তি মোবাইল লোডের দোকান পরিচালনা করে আসছিলেন। ওই দোকানে গার্মেন্টস শ্রমিক নার্গিস আক্তার তার মোবাইলে লোড করার জন্য গেলে হঠাৎ করে দেয়ালের কিছু অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ওই নারীর কিশোর বয়সের ছেলে রানাও আহত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে আটটার দিকে ইপিজেডের সকল গার্মেন্টস কারখানা এক সাথে ছুটি হলে শ্রমিকরা দল বেঁধে বের হয়। এসময় রাস্তায় সংস্কারের কাজ চলছিল। ওই নারী কোন একটা মোবাইলের দোকান থেকে বিকাশে টাকা তুলতে যাওয়ার সময় সিটি কর্পোরেশনের ভেঙ্গে ফেলা একটি ভবনের পিলারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ