নির্মাণের এক দিন পরই ভেঙে ফেলা হলো আবরার স্মৃতিস্তম্ভ

নির্মাণের এক দিন পরই ভেঙে ফেলা হয়েছে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে নির্মিত ‘আট স্তম্ভের’ স্মৃতিস্তম্ভ। গত বুধবার রাতে বুলডোজার দিয়ে ঐ স্তম্ভ ভাঙা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়ে প্রতীকী এই স্তম্ভ নির্মাণ করেন আবরার ফাহাদ স্মৃতি সংসদ নামে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এদিকে স্তম্ভ ভেঙে ফেলার ঘটনায় নিন্দা জানিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আবরার হত্যাকাণ্ডের ঘটনা শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-সহিংসতার জ্বলন্ত উদাহরণ। স্মৃতিস্তম্ভটি মঙ্গলবার রাতে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সরকার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এটি ভেঙে গুঁড়িয়ে দিল।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘যত বার তারা এটা ভাঙবে, আমরা তত বার এটা নির্মাণ করব। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না।’