কুমিল্লায় প্রাইভেটকার থেকে ১ কোটি ৬০ লাখ টাকাসহ ৪ জন গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে দুইটি ব্যাগে থাকা ১ কোটি ৬০ লাখ টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানাপুলিশ। দাউদকান্দি মডেল থানাপুলিশের একটি টহল দল দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে চাঁদপুর সড়কের পদুয়া ইউনিয়নের কয়রাপুর লোহার ব্রিজ নামক স্থান থেকে গত বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে সিআইডি তদন্ত শুরু করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হচ্ছে—চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের ছেলে তমাল কর্মকার (২৫), একই গ্রামের মৃত চন্দন কর্মকারের ছেলে অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারির ছেলে ও প্রাইভেটকারের চালক সেলিম বেপারি এবং চাঁদপুর সদর উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা সম্ভুনাথ কর্মকারের ছেলে সুকদেব কর্মকার।

সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া ১ কোটি ৬০ লাখ টাকা ঢাকায় স্বর্ণ বিক্রি করা টাকা। এসব টাকা নিয়ে তারা চাঁদপুরে যাচ্ছিল। তবে তারা এসব টাকার কোনো রশিদ কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত আছে কিনা, এসব ব্যাপারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি মানিলন্ডারিংয়ের অপরাধ বলে প্রতীয়মান হওয়ায় সিআইডিকে অবহিত করা হয়েছে।