ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পথনাটক পরিষদের প্রতিবাদী আলোর মিছিল

পথনাটক পরিষদ আয়োজিত ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ থেকে ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন তারা। দ্রুততার সঙ্গে শাস্তি নিশ্চিত করতে পারলে সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন কমে যাবে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনে পথনাটক পরিষদ নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী আলোর মিছিল থেকে এ দাবি জানান।

বক্তারা বলেন, প্রিয় প্রধানমন্ত্রী মানুষের ক্ষোভকে মূল্য দিন, মানুষের মনের ভাষা উপলব্ধি করুন, মানুষের মনে যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে তা অনুধাবন করে ধর্ষণ ও দুর্বৃত্তদের দমনে কঠোর ব্যবস্থা নিন।

এতে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, নাট্যকার রতন সিদ্দিকী, অভিনেত্রী নুনা আফরোজ, নাট্যকর্মী শামীমা শওকত লাভলী, মিজানুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।