ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধ। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল সংসদ ভবনের শপথকক্ষে ইউএনএফপিএর কারিগরি সহায়তায় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসপিসিপিডি’ প্রকল্পের আওতায় ‘কনসার্টেড রেসপন্স টু স্টপ চাইল্ড ম্যারেজ, প্রিভেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড ইম্প্রুভ মেটার্নাল হেলথ ডিউরিং নেচারাল ডিসেস্টার অ্যান্ড কোভিড-১৯ পেন্ডেমিক’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় কঠোর আইন প্রণয়ন ও এর বাস্তবায়নের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধবিষয়ক সাব-কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়াও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ও ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বাল্যবিবাহ রোধ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ উপ-কমিটির সদস্য আরমা দত্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।