শেখ হাসিনার গাড়ি বহরে হামলা

মামলা বাতিলের আবেদন খারিজ, তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বিচার কার্যক্রম চলবে। এই মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতকে আগামী তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, আসামি রকিব শিশু ছিল। তার বিচার শিশু আদালতে হবে। এ কারণে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, আদালত রুল খারিজ করে দিয়েছে। যেহেতু পুরোনো মামলা, তাই তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে। আর আবেদনকারীকে শিশু বলা হলেও অভিযোগপত্র দেওয়ার সময় তার বয়স ১৬ বছরের বেশি ছিল। তাই শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই।

২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার হওয়া এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় যান তত্কালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।