সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ধর্ষণের শিকার ২৫ বছরের ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করার পর ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। তিনি রাজারবাগ পুলিশ লাইনে পরিবহন বিভাগে কর্মরত আছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমঙ্গল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ওই নারী সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে আব্দুল কুদ্দুস নয়নের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে কুদ্দুসের সঙ্গে মাঝে মাঝে কথা হতো ওই নারীর। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কুদ্দুস বিভিন্ন সময় ওই নারীর বাসায় যাতায়াত করতেন। বিয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলতে মঙ্গলবার বিকালে কুদ্দুস তার বাসায় যায়। কথাবার্তার এক পর্যায় ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে ধর্ষণ করে পুলিশ সদস্য কুদ্দুস।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের পর আব্দুল কুদ্দুস নয়নকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি