দ. কোরিয়ায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর উলসানের একটি বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ৩৩ তলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। 

ভবনটি থেকে ইতোমধ্যে কয়েকশ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় যে শুক্রবার সকাল  পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। 
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে যে তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে। 

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়,  সামহওয়ান আর্ট নুয়াউ নামের ভবনটির আট তলা এবং ১২ তলার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে  ১২০টির মতো পরিবার ছিল। পাশপাশি ভবনটিতে একাধিক  শপিং ইউনিট ছিল বলেও জানা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ আগুন এসে পড়ে। জানালা ভেঙ্গে যায় এবং বসার ঘর ও শোবার ঘর পুরো জ্বলজ্বল করছিল। 


 
কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো তা এখনো নিশ্চিত  করতে পারেনি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এআর