৮০ শতাংশ করোনা রোগীর কোনো লক্ষণ দেখা দেয় না

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগীর মধ্যে প্রধান লক্ষণগুলো পরিলক্ষিত হয় না বলে দাবি করছেন গবেষকরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরা এক গবেষণায় এ দাবি করছেন। তাদের মতে, ৮০ শতাংশ করোনা রোগীর মধ্যে জ্বর, ঠান্ডা ও কাশির কোনো উপশম দেখা যায়নি।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ বলছে, ভাইরাসটির মহামারি শুরুর পর থেকে বিভিন্ন বিশেষজ্ঞ দাবি করে আসছেন, লক্ষণবিহীন রোগীর সংখ্যা অনেক বেশি। হোয়াইট হাউজ করোনা টাস্কফোর্সের প্রধান এন্থোনি ফুসি বলেছেন, ৪০ থেকে ৪৫ শতাংশ রোগীর মধ্যে কোনো লক্ষণ থাকে না। তারা নীরবে ভাইরাসটি ছড়িয়ে দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই মন্তব্য করেছে। কিন্তু যুক্তরাজ্যের গবেষকদের এই গবেষণা বলছে লক্ষণবিহীন রোগীর সংখ্যা আরো অনেক বেশি।

জানা যায়, ৩৬ হাজার ৬১ জন মানুষের ওপর গত এপ্রিলের ২৭ তারিখ থেকে জুনের ২৭ তারিখ পর্যন্ত ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরা গবেষণাটি পরিচালিত করেন। যুক্তরাজ্যের করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় তথ্যকেন্দ্র থেকে এই গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায়, মাত্র ১ দশমিক ৭ শতাংশ অর্থাৎ ৬২৫ মানুষের দেহে টেস্টের দিন জ্বর, ঠান্ডা ও কাশির মতো লক্ষণ ছিল।

গবেষকরা বলছেন, তারা মূলত রোগীদের দেহে জ্বর, ঠান্ডা, কাশি ও স্বাদ-ঘ্রাণশক্তি হ্রাসের লক্ষণ নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন। এই ৩৬ হাজার ৬১ জনের মধ্যে মাত্র ১১৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৭৬ দশমিক ৫ শতাংশের দেহে কোনো লক্ষণই পাওয়া যায়নি।

তারা বলছেন, যুক্তরাজ্যে লক্ষণবিহীন রোগীর সংখ্যা অনেক বেশি। এদের মাধ্যমেই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। যার কারণে ভবিষ্যতে শনাক্তকরণ টেস্টে বড় পরিবর্তন আনতে হবে। সেইসঙ্গে দ্রুত ফলাফল দেয় এমন টেস্টিং কিটের প্রয়োজনীয়তাও অনেক বেশি।