চীনকে রুখতে জাপানের সঙ্গে সাইবার নিরাপত্তা চুক্তি ভারতের

কারিগরি দক্ষতা আরও বৃদ্ধি করতে জাপানের সঙ্গে সাইবার নিরাপত্তা চুক্তি করল ভারত। ভারতের সঙ্গে ৫ জি কারিগরি ছাড়াও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইন্দো-পেসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ভাঙতেই জাপান এবং ভারত এই চুক্তি করেছে। 

 বুধবার  জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। সেখানে ভারতের এস জয়শংকরের পাশাপাশি উপস্থিত ছিলেন জাপানের বিদেশমন্ত্রী তোসিমিতু মোসেগি। সেখানেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
  
 সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে সাইবার সুরক্ষা এখন একটা বড় সমস্যা। সেই ক্ষেত্রে দুই দেশই এই চুক্তির মাধ্যমে নিজেদের তথ্য় সুরক্ষিত রাখতে কাজ করবে। 
এ নিয়ে ভারতের  পররাষ্ট্রমন্ত্রী  এস জয়শংকর জানিয়েছেন, এই চুক্তির ফলে ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক আরও মজবুত হলো। 

সাইবার সুরক্ষা বাড়াতে ইতিমধ্য়েই কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা।  চীনের মোবাইল প্রস্তুতকারক কোম্পানি হুয়াওয়েকে নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রে।  এমনকি এই চাইনিজ জায়ান্টকে নিজেদের বন্ধুভাবাসম্পন্ন দেশগুলোকেও নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মোবাইল ও কারিগরি সেবা দেওয়ার নামে সে দেশে নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছিল হুয়াওয়ে।

ইত্তেফাক/এআর