পদত্যাগের জন্য প্রস্তুত কিরগিজস্তানের প্রেসিডেন্ট

পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল হলেও এখনো উত্তাল রয়েছে কিরগিজস্তান । গণআন্দোলনের মুখে ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগের তালিকায় নাম রয়েছে কিরগিজস্তানের মন্ত্রী, মেয়র ও গভরর্নরদের নামও। এই গণআন্দোলন থামাতে এবার পদত্যাগ করতে রাজি হয়েছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভ।  কিরগিজস্তানের প্রেসিডেন্টের অফিস এবং পার্লামেন্টের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জিনবেকভের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার পরই পদত্যাগ করবেন তিনি।

প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি ঘোষণায় জিনবেকভ বলেন,  আমাদের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব আইনের শাসনে ফিরিয়ে আনতে হবে। আমি কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ ছাড়তে প্রস্তুত। 

এদিকে কিরগিজস্তানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত এবং কয়েকশত আহত হয়েছেন। 

 গত রবিবার কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে  ভোট কেনা বেচার অভিযোগ তুলেন আন্দোলনকারীরা। তীব্র আন্দোলনের মুখে গত মঙ্গলবার কিরগজিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল করা হয়।  

জানা গেছে, কিরগিজস্তানের পার্লামেন্ট সুপ্রিম কাউন্সিল-এর আসন সংখ্যা ১২০টি। দেশটির আইন অনুযায়ী, নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টন করা হয়। তবে পার্লামেন্টে কোনও আসন পেতে গেলে কোনও দলকে ন্যূনতম সাত শতাংশ ভোট পেতে হয়। এবারের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় কিরগিজস্তানের ১৬টি রাজনৈতিক দল। এর মধ্যে কেবল চারটি দল পার্লামেন্টে আসন পাওয়ার ন্যূনতম শর্ত পূরণ করতে পেরেছে। এর মধ্যে তিনটি দল আবার প্রেসিডেন্ট সরোনবাই জিনবেকভের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।   

ইত্তেফাক/এআর