আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) ২৩টি চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। শুক্রবার শ্রমিকরা চা বাগান থেকে বের হয়ে স্থানীয় শমশেরনগর বাজারে সভা করেছে।
কর্মসূচি পালনকালে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চা শ্রমিক নেতৃবৃন্দরা দাবি করেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক একটি পরিবারের ৬ থেকে ৭ সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে দীর্ঘ প্রায় ২০ মাস অতিক্রম করলে নতুন করে চা শ্রমিকদের মজুরি এখনও বৃদ্ধি হয়নি। ফলে চা শ্রমিক পরিবারগুলো মানবেতর যাপন যাপন করছে। তাই এখন বাধ্য হয়ে আজকের এই কর্মসূচি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রিক বিষয়। চা বাগানের মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদ এই সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাস দিতে হবে।
ইত্তেফাক/এসি