ফিরতে পেরেই খুশি মেসি

আর্জেন্টিনা ১ = ইকুয়েডর ০

উরুগুয়ে ২ = চিলি ১

প্যারাগুয়ে ২ =পেরু ২

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাই শুরুর আগেই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন। তবে ইকুয়েডরের বিপক্ষে দেখা মিলল শেষ তিন বছরে ছন্নছাড়া আর্জেন্টিনারই। নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসির গোলেই জিতেছে দলটি। তবে আর্জেন্টিনা অধিনায়ক জানালেন করোনাসৃষ্ট বিরতি শেষে ফেরাটাই বড় আনন্দের।

এই ইকুয়েডরের বিপক্ষেই গেল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে খেলেছিল আর্জেন্টিনা। এভারেস্টসম চাপ সামলে দলটি সেদিন মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপের টিকিট কেটেছিল। এবার সে সমীকরণ ছিল না বটে, তবে মঞ্চ, প্রতিপক্ষ আর নায়ক রইল সেই একই; লিওনেল মেসি! ১৪ মিনিটে ইকুয়েডর বক্সে লুকাস ওক্যাম্পোসকে করা ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা এরপর পুরো ম্যাচেই উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পেরেছে কেবল একটি। দ্বিতীয়ার্ধে নিকলাস ওটামেন্ডির প্রচেষ্টা ইকুয়েডর গোলরক্ষক রুখে দিলে ব্যবধান আর বাড়েনি আলবিসেলেস্তেদের। ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

অধিনায়ক মেসি এরপর সাংবাদিকদের জানালেন, জয়টাই মুখ্য দিনশেষে। বললেন, ‘ম্যাচটা যে কঠিন হবে সেটা আঁচ করতে পারছিলাম। কিন্তু জয় পেয়েছি, এটাই গুরুত্বপূর্ণ। এখন উন্নতির ধারাটা ধরে রাখতে হবে আমাদের।’ পরের ম্যাচটা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে পাঁচ হাজার মিটার উঁচুতে থাকা বলিভিয়ায়, আরো উন্নতি তো প্রয়োজনই! আর্জেন্টিনার সেখানে বিশ্বকাপ বাছাইপর্বে জয় নেই গত এক যুগেও। উলটো ২০০৯ সালে ৬-১ ব্যবধানে হারের দুঃস্মৃতিও আছে।

মেসি অবশ্য দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পুরো প্রক্রিয়াটাকেই দেখছেন বেশ কঠিন হিসেবে। শেষবারই যে বিশ্বকাপে খেলতে না পারার জোর শঙ্কা ভর করেছিল আর্জেন্টিনা শিবিরে! মেসি বললেন, ‘জয়টা আরো একটা কারণে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি বিশ্বকাপ বাছাই কতটা কঠিন। ম্যাচগুলো সবসময়ই কঠিন। আমরা এ মানের জন্যে অপেক্ষা করছিলাম। শেষবার খেলার পর অনেক দিন হয়ে গিয়েছিল। এ উদ্বেগটা ব্যাপারটাকে আরো জটিল করে তুলেছিল।’

বিশ্বকাপ বাছাই মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে যায় সেটি। সে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে প্রতিযোগিতাটি। ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ী তাই আপাতত মাঠে ফিরতে পেরেই খুশি।

মেসির ভাষায়, ‘যে বছরটা কাটাচ্ছি আমরা, তা সত্যিই কঠিন। ফিরে এসে আর্জেন্টিনা দলে খেলা আর খেলে, জয় নিয়ে মানুষজনকে আনন্দ দেওয়ায় যে তৃপ্তি আছে তা খেলার চেয়েও অনেক বড়।’

দিনের অন্য ম্যাচে মেসির বন্ধু লুই সুয়ারেজও জয় এনে দিয়েছেন নিজ দল উরুগুয়েকে। চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি।