চাঁদপুর প্রতিনিধি
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন। এবারই প্রথম চাঁদপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত মার্চ মাসে বিএনপি মনোনীত প্রার্থীর মৃত্যুর ফলে স্থগিত এ নির্বাচনের পুনঃরায় সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৩ জন থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল এবং বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আক্তার হোসেন মাঝির সঙ্গে। অপরদিকে জেলা ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। এবার পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ৩০৫টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১৪৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ৫৮ হাজার ৩০০।