উপকথা

উড়িষ্যার লোককাহিনি

ভারতের উড়িষ্যা রাজ্য। রাজ্যের সব মানুষের ছিল মস্ত বড় লেজ। লেজওয়ালা গাঁয়ের মানুষ বেশ আনন্দেই ছিল। এক জায়গায় জড়ো হলেই কেবল মহা বিপদ! লেজের ভিড়ে যাতায়াতের পথ খুঁজে পাওয়া ছিল মুশকিল।

একসময় রাজ্যে মানুষ বাড়ে। পৃথিবীও অনেক মানুষে ভরে যায়। আর লেজ নিয়ে বাধে ভীষণ গোলযোগ। একজন আরেকজনের ওপর দিয়ে যাওয়া ছাড়া আর কীই বা উপায়! আর অন্যকে টপকাতে গেলেও বিস্তর ঝামেলা। হয় বিশ্রী দেখাবে, নয়তো সবাই হেসেই সারা।

একদিন রাজ্যের মোড়ল কিটুং বাজারে যান। তিনি একটা দোকানে থমকে দাঁড়ান। দোকানে আশ্চর্য সব জিনিস! মোড়লের লেজে কারো পা পড়ায় তিনি আচমকা হোঁচট খান। তাঁর মুখের সামনের সারির কয়েকটা দাঁত ভেঙে যায়। এমন দৃশ্যে বাজারের সবাই ভারি মজা পায়।

বাজারের মানুষের হাসিতে তাঁর মেজাজ যায় বিগড়ে। তখনই মোড়ল লেজ খুলে ফেলে। আর কী কাণ্ড! মোড়লের দেখাদেখি রাজ্যের সবাই লেজ ছুড়ে মারে। সেই থেকেই গোটা পৃথিবীর মানুষ লেজছাড়া।

রূপান্তর : কুতুব আজাদ