নূর আলম গন্ধী
আমাদের দেশের অতি পরিচিত ফুল। কাষ্ঠল লতাজাতীয় ঝোপালো দ্রুত বর্ধনশীল এই গাছ। শাখা-প্রশাখা বিস্তৃত। পাতা গাঢ় সবুজ রঙের, মধ্যশিরা স্পষ্ট এবং কচি শাখা-প্রশাখা সবুজ হয়ে থাকে। শাখা-প্রশাখা খুব শক্ত মানের নয়। শাখা-প্রশাখার অগ্রভাগে গুচ্ছভাবে থোকায় থোকায় প্রচুর ফুল ধরে। ফুলের গঠন নলাকৃতি, চিকন, লম্বা এবং ফুলের প্রস্ফুটিত অংশ পাঁচটি ভাগে বিভক্ত ও তারকার মতো দেখতে। রং সাদা থেকে ঘিয়ে রঙের হয়ে থাকে। রাতের বেলা এই ফুল ফোটে এবং ফুলের সুবাস চারদিক মোহনীয় করে তোলে এবং দূর থেকেও তা অনুভব করা যায়। তীব্র সুগন্ধীর কারণে হাস্নাহেনা ফুলের কদরও বেশি। শীত ঋতু ছাড়া প্রায় সারা বছরই গাছে ফুল থাকে। তবে গ্রীষ্ম বর্ষা ও শরতে ফুল ফোটে অনেক। গাছ বেশ কষ্টসহিষ্ণু এবং রোগ-বালাইয়ের আক্রমণ কম হয়। হাস্নাহেনা জীবন্ত বেড়া হিসেবে বাগানের কিনারায় রোপণ উপযোগী ফুলগাছ। ডাল কাটিংয়ের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। অল্পদিনেই গাছে ফুল আসে।