হাতিয়ায় হলরুমে সিলিংফ্যান ভেঙে পড়ে ইউএনওসহ দুই জন আহত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদ হলরুমের সিলিংফ্যান ভেঙে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম আহত হয়েছে। শুক্রবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে। আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তার চিকিত্সা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী ওয়াজেদ জানান, নির্বাহী কর্মকর্তার মাথায় সামনের অংশে সামান্য আঘাত পান। এ ছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলামের মাথায় ও গলায় আগত পান। এতে অনেক রক্তক্ষরণ হয়েছে। ওয়াজেদ আরো জানান বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তারের পরামর্শক্রমে তার সরকারি বাসভবনে অবস্থান করছেন।

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরআলোচনা ও র্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের তৃতীয় তলায় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ফখরুল ইসলাম ছাড়া ও হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা চলাকালীন হঠাত্ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথার ওপরে থাকা সিলিংফ্যানটি ভেঙে পড়ে।