ঘাতক আটক
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। নিহত কামরুল ইসলাম (২৪) উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনা গ্রামের চান্দ আলীর পুত্র। বৃহস্পতিবার ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনা গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ইল্লোল রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ ইল্লোল রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে নিহতের ঘাতক ছোট ভাই তানভিরকে (১৭) গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তানভির ও কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভিরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলে মারা যান। এর ফাঁকে তানভির পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তরের পর বৃহস্পতিবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঘাতক তানভির মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। মাদকের টাকা না দেওয়ায় বড় ভাইকে খুন করে পালিয়ে গিয়েছিল।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ইল্লোল রায় বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘাতক তানভির অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।